ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, "বর্তমানে কোটালীপাড়ায় যে সমস্ত উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, সেগুলোর গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে। বিশেষ করে যে এলাকাগুলো এখনো অবহেলিত, সেগুলো চিহ্নিত করে দ্রুত উন্নয়নের আওতায় আনতে হবে।" তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ সহ্য করা হবে না। সরকারের লক্ষ্য একটি জনবান্ধব প্রশাসন তৈরির মাধ্যমে সম্মিলিত উন্নয়ন নিশ্চিত করা। সাধারণ মানুষ যেন সেবা নিতে এসে কোনো প্রকার ভোগান্তির শিকার না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন।
মতবিনিময় সভার সভাপতি ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাগুতা হক বলেন, সংসদ সদস্যের পরামর্শ ও সরকারি নির্দেশনা মেনে প্রশাসনের সকল কর্মকর্তা কোটালীপাড়া উপজেলার মানুষের কল্যানে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ ক্ষেত্রে কোনো প্রকার বিচ্যুতি ঘটবে না বলে তিনি আশ্বস্ত করেন। সভায় প্রশাসনের পক্ষ থেকে সংসদ সদস্যকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদানের পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থের বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানানো হয়।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই সময়োপযোগী নির্দেশনা ও মাঠ পর্যায়ে তদারকির ঘোষণায় স্থানীয় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ