ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: বর্তমানে রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকা সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের একটি ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহরের মেইন রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে এ পতাকা উত্তোলন করা হয়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের কর্মী ও সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী নাইমুর রহমান নাইম প্রকাশ্যে এই পতাকা উত্তোলন করেন।
জানা গেছে, ছাত্রলীগ কর্মী নাইম কার্যালয়টিতে পতাকা উত্তোলনের পর সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে তিনি পতাকা উত্তোলন ও বক্তব্যের ভিডিওটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নাইমুর রহমান নাইম একটি বাঁশের খণ্ডের মধ্যে বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত কার্যালয়ে উত্তোলন করছেন।
ভিডিওর বক্তব্যে তাকে বলতে শোনা যায়, "আমি নাইমুর রহমান নাইম, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী। আমার ব্যক্তিগত উদ্যোগে দলের পক্ষ থেকে আজকে টাঙ্গাইল জেলা কার্যালয়ে আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি। আপনারা সবাই আমার পক্ষে থাকবেন, ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।" বর্তমানে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় ও পরিত্যক্ত একটি কার্যালয়ে এমন তৎপরতা নিয়ে জেলাজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এবং ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের এই কার্যালয়ে কয়েক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সেই ঘটনার পর থেকেই অফিসটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বর্তমানে কার্যালয়ের সামনে ও নিচতলায় অস্থায়ী দোকান বসেছে। এমন পরিস্থিতিতে নিষিদ্ধ সংগঠনের একজন কর্মীর এই কর্মকাণ্ড জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ