ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, দেশপ্রেমকে পুঁজি করে দেশনায়ক তারেক রহমান একটি সুন্দর ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়তে চান। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এম জিলানী সরকারি কর্মকর্তাদের সময়ানুবর্তিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, প্রধানমন্ত্রী প্রতিদিন সকাল ৯টায় দপ্তরে পৌঁছান, কর্মকর্তাদেরও সেই আদর্শ মেনে জনসেবায় নিয়োজিত থাকতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে গোপালগঞ্জের তিনটি আসনই এখন জাতীয়তাবাদী দলের দখলে এবং এখানকার মানুষ কোনো উন্নয়ন থেকেই বঞ্চিত হবে না। জেলার সার্বিক উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে গোপালগঞ্জের জনগণ সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।
কোটালীপাড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে এস এম জিলানী জানান, এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে পানি সম্পদ মন্ত্রণালয়ে ৬০০ কিলোমিটার খাল খননের একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা আগামী জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কর্মকর্তাদের সহযোগিতা পেলে এই উপজেলাকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে এস এম জিলানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি স্বাস্থ্য কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাসের সাথে আলাপকালে চিকিৎসক ও জনবল সংকটসহ হাসপাতালের নানা সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এছাড়া তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ