তারাগঞ্জে মাটির গর্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

তারাগঞ্জে মাটির গর্ত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর (রামপুরা মাজারের পাড়) এলাকায় একটি মাটির গর্ত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘনিরামপুর মাজার সংলগ্ন এলাকার একটি গর্তে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমান। খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি গর্ত থেকে তুলে আনে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি; তার পরনে সাধারণ পোশাক ছিল এবং বয়স আনুমানিক ৪০ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড না কি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন