শার্শায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

শার্শায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

নাজিম উদ্দীন জনি, শার্শা (বেনাপোল) প্রতিনিধি: যশোরের শার্শায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করে মোনাজাত করা হয়।

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে এক কালজয়ী ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর দেশপ্রেম ও আদর্শ আজও আমাদের রাজনৈতিক চেতনার মূলভিত্তি হয়ে আছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন যে আপসহীন সংগ্রাম করেছেন, তা দেশবাসী চিরকাল মনে রাখবে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। তিনি নতুন সরকারের সাফল্য কামনা করে দেশ ও জাতির সার্বিক কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া পরিচালনা পরিষদের সদস্য, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের দায়িত্বশীল প্রতিনিধি ও শার্শা উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম। বর্তমানে প্রবাসে অবস্থান করলেও তাঁর সুচারু দিকনির্দেশনা ও সরাসরি সমন্বয়ে পুরো আয়োজনটি অত্যন্ত সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অনুষ্ঠানে শার্শা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিএনপি নেতৃবৃন্দের সুস্থতা ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন