ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ণ
ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার

সকালবেলা অনলাইন: জুয়েলারি প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবার গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম।

ডিবি প্রধান জানান, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দায়ের করা একটি মামলার সূত্র ধরে তাদের অনুরোধে সোমবার সন্ধ্যা ৬টার দিকে বনানীতে অভিযান চালিয়ে দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করে গোয়েন্দা দল। তবে মামলার সুনির্দিষ্ট ধারা ও বিস্তারিত তথ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিবি।

উল্লেখ্য, সোনা ও হীরা চোরাচালান, গ্রাহক প্রতারণা, জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গুলশানের কার্যালয়ে অভিযান চালিয়ে দিলীপ কুমার আগারওয়ালাকে প্রথম গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বাড্ডায় শিশু-কিশোর হত্যা মামলায় তাঁকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রিমান্ডে নিয়েছিল। দীর্ঘদিন কারাগারে থাকার পর সম্প্রতি তিনি আদালত থেকে জামিনে মুক্ত হয়েছিলেন।

এআইএল/সকালবেলা