বাগেরহাটে বিকাশকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই
মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে প্রকাশ্যে অস্ত্রের মুখে জিম্মি করে বিকাশের এক কর্মীর কাছ থেকে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিকাশকর্মীর নাম বাচ্চু শেখ (৩৫)। তিনি বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা এবং বিকাশের ডিস্ট্রিবিউশন সেল রিপ্রেজেন্টেটিভ (ডিএসআর) হিসেবে কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করে আসছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রবিবার সকালে বাচ্চু শেখ সাইনবোর্ড বাজারের গোলচত্বর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। একপর্যায়ে তারা তাঁকে রাস্তার আইল্যান্ডের সঙ্গে আটকে জিম্মি করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। ছিনিয়ে নেওয়া ওই ব্যাগে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিল বলে জানা গেছে।
ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির বলেন, "আমাদের একজন কর্মীর কাছ থেকে আনুমানিক পাঁচ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় অভিযোগ দিয়েছি।"
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন জানান, "বিকাশের একজন কর্মীর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।"
প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এআইএল/সকালবেলা