আকিদা বিসর্জন দিয়ে জামায়াতের সঙ্গে কিছু করতে চাই না: এমপি হানাজালা
সকালবেলা ডেস্ক: ধর্মীয় আকিদা বিসর্জন দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
রোববার (৮ নভেম্বর) একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের এই অবস্থানের কথা তুলে ধরেন।
জামায়াতের আকিদা প্রসঙ্গে তিনি বলেন, "আকিদার প্রশ্নে আমরা সম্পূর্ণ আপসহীন। তবে রাজনৈতিক আদর্শ আর রাজনৈতিক প্ল্যাটফর্ম দুটি ভিন্ন বিষয়। ইসলামি অনুষ্ঠানে আমাদের আলোচনার ধরন একরকম, আর রাজনৈতিক মঞ্চের বক্তব্য আরেক রকম। আকিদা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না; তাদের আকিদায় কোনো সমস্যা থাকলে দেশের আলেমসমাজ এ বিষয়ে সোচ্চার আছেন, তারাই কথা বলবেন।"
তিনি আরও যোগ করেন, "আকিদা বিসর্জন দিয়ে আমরা কোনো কিছু করতে চাই না। যদি আকিদার প্রশ্ন সামনে আসে এবং সেখানে তাদের কোনো ভুল থাকে, তবে আমি তা কখনোই সমর্থন করতে পারি না।" জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড ও আকিদার বিষয়টি সম্পূর্ণ আলাদাভাবেই থাকবে।
এআইএল/সকালবেলা