ফেনীতে বাসের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় বাসের সজোরে ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করেছে।
নিহত সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। তাৎক্ষণিকভাবে আহত যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল বারৈয়ারহাট থেকে এক যাত্রী নিয়ে অটোরিকশাযোগে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিজকুঞ্জরা এলাকায় মহাসড়কে ইউটার্ন নেওয়ার মুহূর্তে চট্টগ্রাম থেকে ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে প্রচণ্ড শক্তিতে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সাইফুলের মৃত্যু হয় এবং যাত্রী আহত হন।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরবর্তীতে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই স্টারলাইন পরিবহনের বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা
|