আটোয়ারীতে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল ইসলাম (২২) নামে এক মাদক কারবারি যুবককে আটক করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফকিরগঞ্জ বাজার সংলগ্ন খ্রিষ্টান পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। আটককৃত রুবেল ইসলাম উপজেলার কিসমতদাপ গ্রামের মোঃ শামসুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে খ্রিষ্টান পাড়া এলাকায় টহল ও অভিযান পরিচালনার সময় রুবেলের চালচলন সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ১০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁকে তাৎক্ষণিকভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান জানান, ১০ পিস ইয়াবাসহ রুবেল ইসলামকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)-এর ১০(ক) ধারায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৮, তারিখ: ০৮/১০/২০২৬ খ্রিঃ) রুজু করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে আসামিকে বিজ্ঞ পঞ্চগড় আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে, একই রাতে পরিচালিত পৃথক এক অভিযানে সালাম (৩৫) নামে আরও এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে আটোয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃত সালাম উপজেলার ছোটদাপ গ্রামের আবুল হোসেনের ছেলে। তাঁকেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
ওসি মোঃ মতিয়ার রহমান স্পষ্ট হুশিয়ারি দিয়ে বলেন, ‘উপজেলা থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আটোয়ারী থানা পুলিশের এই বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’