সেপ্টেম্বরে দেশের অর্থনীতির গতি আরও কমলো উদ্বেগে ব্যবসায়ীরা

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
সেপ্টেম্বরে দেশের অর্থনীতির গতি আরও কমলো উদ্বেগে ব্যবসায়ীরা

অনলাইন ডেস্ক: নতুন ক্রয়াদেশ, শিল্প উৎপাদন, কাঁচামাল ও প্রস্তুত পণ্যের অভ্যন্তরীণ মজুত এবং আমদানি ধারাবাহিকভাবে হ্রাস পাওয়ায় সেপ্টেম্বর মাসে দেশের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমে চরম মন্দা ও শ্লথগতি দেখা দিয়েছে। শিল্প খাতের পাশাপাশি দেশের সেবা ও নির্মাণ খাতেও সংকোচন স্পষ্ট হয়ে উঠেছে। বিপরীতে কৃষি খাত টানা সম্প্রসারণের ধারায় থাকলেও সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে গতিশীল করতে তা যথেষ্ট ভূমিকা রাখতে পারছে না।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে প্রকাশিত সর্বশেষ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এই উদ্বেগের চিত্র তুলে ধরেছে।

দেশের প্রধান ৪টি গুরুত্বপূর্ণ খাত—কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবার ৪০০টি বেসরকারি শীর্ষ প্রতিষ্ঠানের মতামতের ভিত্তিতে এই সূচক প্রণয়ন করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, পিএমআই সূচকের মান ৫০-এর ওপরে থাকলে অর্থনীতির ‘সম্প্রসারণ’ এবং ৫০-এর নিচে নামলে ‘সংকোচন’ নির্দেশ করে।

সর্বশেষ তথ্যানুযায়ী, আগস্টে দেশের পিএমআই মান যেখানে ছিল ৪৯.৯ পয়েন্ট, সেপ্টেম্বরে তা আরও ১.৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৮.৬ পয়েন্টে। মূল পতনে বড় ভূমিকা রেখেছে উৎপাদন খাত; এ খাতে পিএমআই ২.৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৪.৮ পয়েন্টে। এছাড়া নির্মাণ খাতের সূচক ৩.৮ পয়েন্ট কমে ৪৮.৫ এবং সেবা খাত টানা দুই মাস সংকুচিত হয়ে ৪৯ পয়েন্টে ঠেকেছে। একমাত্র ব্যতিক্রম হিসেবে কৃষি খাত টানা ১৩ মাস সম্প্রসারণ ধরে রেখে ৫৫.২ পয়েন্টে অবস্থান করছে।

জরিপে অংশ নেওয়া দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখা ও অর্থনীতির মন্দাভাব নিয়ে মূলত ৫টি প্রধান কারণকে দায়ী করেছেন: ১. দফায় দফায় জ্বালানি তেলের অব্যাখ্যাত মূল্যবৃদ্ধি

২. কাঁচামাল সংগ্রহ ও সার্বিক পরিচালন ব্যয় বৃদ্ধি

৩. সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা অস্বাভাবিক হ্রাসের প্রভাব

৪. কলকারখানা ও উৎপাদন খাতে বিদ্যুৎ এবং গ্যাসের চরম ঘাটতি

৫. ব্যাংক থেকে নতুন মেয়াদি ঋণ ও চলতি মূলধন প্রাপ্তিতে সীমাবদ্ধতা

ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, সার্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে ভবিষ্যতের আগাম কোনো পরিকল্পনা বা বিনিয়োগ করা তাঁদের জন্য কঠিন হয়ে পড়েছে।

পিএমআই মান ও অর্থনৈতিক অচলাবস্থা নিয়ে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, ‘সেপ্টেম্বরের সূচক স্পষ্ট নির্দেশ করে যে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতের দুর্বলতার কারণে দেশের সার্বিক অর্থনীতি এখনো তীব্র চাপের মধ্যে রয়েছে। কিছুটা স্থিতিশীলতা ধরে রেখেছে কেবল কৃষি খাতের প্রবৃদ্ধি।’

তিনি আরও জোর দিয়ে বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের কাঙ্ক্ষিত গতি দ্রুত ফিরিয়ে আনতে অভ্যন্তরীণ ও রপ্তানি চাহিদা জোরদার করা, বিদ্যুৎ-গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, ব্যাংকিং খাত থেকে সহজ অর্থায়ন সুবিধা নিশ্চিত এবং লাগামহীন উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি।