গজারিয়ায় প্রধান শিক্ষকদের নিয়ে এমপি কামরুজ্জামান রতনের মতবিনিময়

গজারিয়ায় প্রধান শিক্ষকদের নিয়ে এমপি কামরুজ্জামান রতনের মতবিনিময়

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

অনুষ্ঠানের শুরুতে গজারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে সংসদ সদস্য কামরুজ্জামান রতনকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাদ্রাসার সুপারগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান রতন শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারদের সাথে ব্যক্তিগতভাবে কুশল বিনিময় করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা ও অবকাঠামোগত অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। সংসদ সদস্যের সাথে সরাসরি আলাপচারিতার সুযোগ পেয়ে শিক্ষকরা অভিভূত হন। অনেক শিক্ষক তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, চাকরি জীবনে সংসদ সদস্যের এতোটা কাছাকাছি বসে কথা বলার সুযোগ পাওয়া তাদের জন্য এক বিরল অভিজ্ঞতা। শিক্ষকরা এসময় তাদের পেশাগত ও প্রাতিষ্ঠানিক বিভিন্ন দাবি ও অসুবিধার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি ও পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হানিফ মিয়া, সাধারণ সম্পাদক হোসেন্দী দাখিল মাদ্রাসার সুপার আঃ ছালাম, মোঃ কামাল হোসেন, আশুতোষ কুমার সাহা, সৈয়দ আহমেদ এবং মোঃ খবিরুল আলম। এছাড়াও অধ্যক্ষ মোঃ বশির উল্লাহ, মোঃ মঈন উদ্দিন, মোঃ মজিবুর রহমান, মোঃ আমিনুল হক, অধ্যক্ষ মাওলানা হাজী মোক্তার হোসেন, অধ্যক্ষ আ: আলীম, মোজাম্মেল হক, মোঃ আমিনুল ইসলাম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বীন ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন