কালীগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ স্কুলের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার

কালীগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ স্কুলের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর তাবাসসুম (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় গভীর শোক ও তীব্র আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তাবাসসুমের বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে দর্জি হিসেবে কাজ করেন এবং মা হালিমা খাতুন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গত বুধবার বিকেল সাড়ে দুইটার পর থেকে তাবাসসুম হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরপর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পেছনের মাঠে যাওয়ার সময় এক কৃষক রক্তমাখা একটি বস্তা দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেফটিক ট্যাংক থেকে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে।

প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে অন্য কোনো স্থানে শ্বাসরোধ বা অন্য কোনো উপায়ে হত্যা করে মরদেহ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে বিদ্যালয়ের সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে ব্যাপক তদন্ত শুরু করেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন। এদিকে, অবোধ শিশুকে এমন নির্মমভাবে হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ফুঁসে উঠেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন