নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি: নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে পবিত্র কুরআনখানি, র‍্যালি, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

নূর মোহাম্মদ নগরে বীরশ্রেষ্ঠের বাড়িতে স্থাপিত স্মৃতিসৌধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সদর উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট এবং জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পুলিশের একটি চৌকস দল বীরশ্রেষ্ঠের সম্মানে গার্ড অব অনার প্রদান করে। এরপর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. নূর-ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম রাহসিন কবীর এবং বীর মুক্তিযোদ্ধা কায়সার উদ্দিন মোল্লা।

এ সময় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে মো. মোস্তফা কামালসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ তুলে ধরার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন