গজারিয়ায় ৩ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র অনিক

গজারিয়ায় ৩ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র অনিক

মোঃ দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে নবম শ্রেণির স্কুলছাত্র সাইদুল ইসলাম অনিক (১৫)। সন্তানের কোনো খোঁজ না পেয়ে অসহায় মা মোসা. চাঁন বানু বারবার মূর্ছা যাচ্ছেন, তাঁর আর্তনাদে ভবেরচর এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিখোঁজ অনিক উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামের বাতেন বেপারীর ছোট ছেলে। সে গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। গত ৩১ মার্চ ২০২৬ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে অনিক স্কুল ড্রেস পরে গজারিয়া টেকনিক্যাল স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে দিন শেষে সে আর বাড়িতে ফেরেনি। পরে বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সেদিন সে স্কুলেও উপস্থিত হয়নি।

সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে মা চাঁন বানু চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েছেন। ছেলের ব্যবহৃত কাপড়-চোপড় বুকে জড়িয়ে ধরে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন। বিলাপ করতে করতে তিনি বলেন, “সকালবেলা হাসিিমুখে স্কুলে গেল আমার মানিক, কেন সে ফিরল না? আমি আমার ছেলেকে ফিরে পেতে প্রশাসনসহ সবার সহযোগিতা চাই।” স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও অনিকের কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় গত ১ এপ্রিল অনিকের মা গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (জিডি নং- ২০)। নিখোঁজের সময় অনিকের পরনে ছিল আকাশী রঙের স্কুল ড্রেস এবং কাঁধে ছিল একটি স্কুলব্যাগ। তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল লম্বাটে এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আলী জানান, “স্কুলছাত্র নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। তাকে খুঁজে পেতে দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে।”

কোনো হৃদয়বান ব্যক্তি অনিকের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন