বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ!

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় ঢাকা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলার বাগবাড়িয়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সান্তাহার রেলওয়ে স্টেশনের মাস্টার খাতিজা বেগম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। বাগবাড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের আটটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি রেল যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতোয়ার রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি।

রেলওয়ে সূত্র জানিয়েছে, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী বা পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) তলব করা হয়েছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। ফলে বিভিন্ন স্টেশনে বেশ কিছু ট্রেন আটকা পড়ে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রেলওয়ে কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করবে বলে জানা গেছে।

বি.নি/সকালবেলা

মন্তব্য করুন