ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল মালেক, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রাইভেট ও বিশেষ ক্লাস করতে বাধ্য করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম মহাদেব চন্দ্র রায়, যিনি ওই বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বিশেষ ক্লাস চলাকালীন এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থী রেজিস্ট্রেশনের ছবি তোলার জন্য বিদ্যালয়ে যায়। স্কুল বন্ধ থাকায় এবং ছবি তুলতে কিছুটা দেরি হওয়ায় তারা চলমান একটি বিশেষ ক্লাসে উপস্থিত হয়। অভিযোগ রয়েছে যে, শিক্ষক মহাদেব চন্দ্র রায় প্রথমে তাদের শ্রেণিকক্ষের বাইরে দাঁড় করিয়ে রাখেন এবং পরে ক্লাসে প্রবেশ করতে দেন। এরপর তিনি শিক্ষার্থীদের সাফ জানিয়ে দেন যে, তাঁর কাছেই বাধ্যতামূলকভাবে বিশেষ ক্লাস ও প্রাইভেট পড়তে হবে। শিক্ষার্থীরা অন্য কোথাও পড়ার সুযোগ আছে কি না জানতে চাইলে ওই শিক্ষক ভয় দেখান যে, তাঁর কাছে প্রাইভেট না পড়লে অর্ধবার্ষিক পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়া হবে।
ভুক্তভোগী এক শিক্ষার্থীর মা ক্ষোভ প্রকাশ করে জানান, রমজানের ছুটির মধ্যেও বিদ্যালয়ে বিশেষ ক্লাস নেওয়া হচ্ছিল। তাঁর ছেলে ছবি তুলতে গিয়ে দেরি করায় শিক্ষক তাকে মানসিক চাপ দেন এবং নিজের কাছে প্রাইভেট পড়ার জন্য বাধ্য করেন। তিনি প্রশ্ন তোলেন, একজন শিক্ষক কীভাবে শিক্ষার্থীদের এভাবে পরীক্ষায় নম্বর কম দেওয়ার ভয় দেখিয়ে প্রাইভেট পড়তে বাধ্য করতে পারেন। তবে অভিযুক্ত শিক্ষক মহাদেব চন্দ্র রায় তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, অতিরিক্ত ক্লাস নেওয়ার সময় শিক্ষার্থীরা আসায় তাদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছিলেন, কিন্তু প্রাইভেট পড়ার বিষয়ে তিনি কোনো চাপ দেননি বা নম্বর কেটে নেওয়ার হুমকি দেননি।
এই বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জি এম রুহুল আমিনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপ-পরিচালক মোছাঃ রোকসানা বেগম জানিয়েছেন, এই ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ