ফেনীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ফেনীতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ফেনী প্রতিনিধি: ফেনীর বারাহীপুর এলাকায় ট্রেনের ধাক্কায় আরিফুল ইসলাম রানা (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রানা ফেনী সদর উপজেলার উত্তর শিবপুর মজুমদার বাড়ির নূর আলমের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রানা মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বারাহীপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি অজ্ঞাত ট্রেনের সাথে তাঁর ধাক্কা লাগে। ট্রেনের প্রবল ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মোবাইল ফোনে মগ্ন থাকায় তিনি ট্রেনের হর্ন শুনতে পাননি।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন