সুন্দরবনে ডাকাত জোনাব বাহিনীর কবল থেকে জিম্মি জেলে উদ্ধার

সুন্দরবনে ডাকাত জোনাব বাহিনীর কবল থেকে জিম্মি জেলে উদ্ধার

মোঃ কারিমুল ইসলাম, মোংলা প্রতিনিধি: সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত 'জোনাব বাহিনী'র হাতে জিম্মি থাকা মজিবর গাজী (৫০) নামে এক জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছিল যে, দুর্ধর্ষ ডাকাত জোনাব বাহিনীর সদস্যরা খুলনার কয়রা থানাধীন সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত ২টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রা ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মি জেলেকে ফেলে বনের গহীন অরণ্যে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও জিম্মি দশা থেকে মজিবর গাজীকে উদ্ধার করতে সক্ষম হন কোস্টগার্ড সদস্যরা। উদ্ধারকৃত জেলে মজিবর গাজী খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এবং বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন