মোংলায় সরকারি খাল দখলের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে

মোংলায় সরকারি খাল দখলের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থা হুমকির মুখে

রিপন হালদার, স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোংলা উপজেলার চৌকিদারের মোড় সংলগ্ন ঐতিহ্যবাহী ‘ঠাকুরানী খাল’ অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। লাকি নামের এক স্থানীয় প্রভাবশালী বাসিন্দার বিরুদ্ধে সরকারি এই খালটি ভরাট করে দখলের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। খালটি ভরাট হয়ে যাওয়ায় এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে তদন্তে গিয়ে দেখা যায়, ঠাকুরানী খালের ওপর একটি সরকারি কালভার্ট দাঁড়িয়ে থাকলেও তার নিচে খালের কোনো অস্তিত্ব নেই। স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারী ফরিদ শিকদার জানান, দীর্ঘ সময় ধরে এই ঠাকুরানী খাল দিয়েই এলাকার পানি নিষ্কাশিত হয়ে আসছে। এমনকি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য ও পানি নিষ্কাশনের একমাত্র পথও ছিল এই খালটি। কিন্তু বর্তমানে প্রভাবশালী চক্রের দখলের কারণে খালটি প্রায় নিশ্চিহ্ন হয়ে পড়েছে। আরেক স্থানীয় বাসিন্দা মো. আমির হোসেন বলেন, চোখের সামনে খালটি ভরাট করা হলেও বর্তমান জরিপে এর অবস্থান কী পর্যায়ে আছে তা সাধারণ মানুষের জানা নেই।

খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা করছেন স্থানীয়রা। জনসাধারণের দাবি, সরকারি কালভার্টের অস্তিত্বই প্রমাণ করে এখানে এক সময় প্রবাহমান খাল ছিল। তাই অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করে সরকারি এই সম্পদ উদ্ধার এবং খালের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সচেতন মহল।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন