১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, "আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হয়, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই।"
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকারের নির্বাচন প্রসঙ্গে স্পিকার বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি এবং তা হওয়া উচিত। অতীতে গত ১৭ বছর ধরে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই জনগণ আশা করছে এবার একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ তাদের দীর্ঘ শাসনকালে এমন একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, যোগ্য ও নিরপেক্ষ মানুষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রায় অসম্ভব ছিল। তাই দেশের বিদ্যমান নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার আনা প্রয়োজন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, একজন ব্যক্তি বিপুল অর্থবিত্তের মালিক না হলেও তাঁর নিজস্ব জনপ্রিয়তা ও সমাজে গ্রহণযোগ্যতা থাকতে পারে। এমন সৎ ও জনবান্ধব মানুষদের প্রতিনিধি হওয়ার সুযোগ করে দেওয়া উচিত। এ জন্য নির্বাচন কমিশনকে এমন একটি সহজ ও নিরপেক্ষ পদ্ধতি প্রণয়ন করতে হবে, যাতে সাধারণ মানুষও নির্বিঘ্নে নির্বাচনে অংশ নিতে পারেন।
ভোলা জেলার প্রাকৃতিক সম্পদ তুলে ধরে স্পিকার বলেন, ভোলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। দেশের বর্তমান সার্বিক গ্যাস মজুতের তুলনায় ভোলার এই মজুত অত্যন্ত সম্ভাবনাময়। আশা করা যাচ্ছে, এ অঞ্চলে আরও বেশ কয়েকটি নতুন গ্যাসের ভান্ডারের সন্ধান মিলবে। তবে স্থানীয়দের গ্যাসের সুফল পাওয়া তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি। ভোলাবাসী দীর্ঘদিন ধরে এই সুবিধাপ্রাপ্তি থেকে বঞ্চিত। বিষয়টিকে গুরুত্ব দিয়ে শীঘ্রই জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন তিনি।
এআইএল/সকালবেলা