ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জহিরুল হক মিলন, ফেনী: নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে অভিনব এক পদক্ষেপ নিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গত ১৯ ফেব্রুয়ারি চাঁদাবাজি ও হয়রানি বন্ধে তিনি একটি বিশেষ হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু করেন। এই উদ্যোগের মাত্র পাঁচ দিনের মাথায় ওয়েবসাইটটিতে ১৬৭টি সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে এবং অসংখ্য ফোনকল এসেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। আবদুল আউয়াল মিন্টু তাঁর পোস্টে লিখেন, “আজ পর্যন্ত ওয়েবসাইটে ১৬৭টি অভিযোগ এবং অসংখ্য ফোনকল পেয়েছি। এতেই প্রমাণ হয়েছে, আপনারা পরিবর্তন চান। প্রতিটি অভিযোগ গুরুত্বসহকারে সমাধান করতে আমরা বদ্ধপরিকর।” দ্রুত সমাধানের স্বার্থে সাধারণ মানুষকে ফোনকলের চেয়ে ওয়েবসাইটে লিখিত অভিযোগ করার ওপর বেশি গুরুত্ব দিতে অনুরোধ জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, শিল্প উদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। ফেনী জেলা দীর্ঘ দুই দশক পর তাঁর মাধ্যমেই পুনরায় মন্ত্রিত্বের প্রতিনিধিত্ব ফিরে পেয়েছে। দায়িত্ব গ্রহণের পরপরই সরাসরি অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০-০৪৮৪৪ নম্বরটি উন্মুক্ত করায় জেলার সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট মহলের ধারণা, মন্ত্রীর এই কঠোর অবস্থান জেলার দীর্ঘদিনের লালিত রাজনৈতিক অপসংস্কৃতি ও চাঁদাবাজি বন্ধে বড় ভূমিকা রাখবে। সাধারণ মানুষ মন্ত্রীর এই উদ্যোগকে নতুন দিনের রাজনীতির প্রতিফলন হিসেবে দেখছেন এবং দ্রুত এসব অভিযোগের বাস্তব সমাধান প্রত্যাশা করছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ