ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য প্রভাতফেরি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি প্রভাতফেরি বের করা হয়। প্রভাতফেরিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রভাতফেরি শেষে অম্বিকা মেমোরিয়াল হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম এবং জেলা সিভিল সার্জন ডা. মাহামুদুল হাসান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে ভাষা শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, "বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ভাষা-চেতনা জাগ্রত করা আজ সময়ের দাবি।" বক্তারা একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করে দেশ গড়ার কাজে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে ভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোর ও কলেজ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এস.এম.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ