বাগেরহাটে ইজিবাইক শ্যালোমেশিনসহ ৪ চোর গ্রেপ্তার
মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাটে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চোরাইকৃত ৯টি ইজিবাইক এবং নছিমন-ভটভটি তৈরিতে ব্যবহৃত ১২টি শ্যালোমেশিন উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, জেলায় ইজিবাইক চুরি ও ছিনতাইয়ের একাধিক ঘটনার ওপর ভিত্তি করে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্তের ধারাবাহিকতায় গত ২ আগস্ট মামলার প্রধান আসামি মো. ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরচক্রের অপর সদস্য শাহ আলম (২৯), আব্দুল্লাহ সরদার (২১) ও আব্দুল হালিমকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার ফারুক হাওলাদারের বিরুদ্ধে অপহরণ, হত্যা ও মাদকসহ পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া আসামি শাহ আলমের বিরুদ্ধে দুটি চুরির মামলা ঝুলছে।
বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, জেলায় ইজিবাইক চুরি ও ছিনতাই রোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। উদ্ধারকৃত ইজিবাইক ও শ্যালোমেশিনগুলো আইনি প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে এবং চক্রটির অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআইএল/সকালবেলা
|