শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ
শ্যামনগরে পৃথক দুর্ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু

মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা): সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে এক গৃহবধূ এবং পৃথক ঘটনায় পানিতে ডুবে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে পানিতে ডুবে এবং দুপুরে বজ্রপাতে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ধুমঘাট শীলতলা গ্রামের কৃষ্ণপদ বৈদ্য (৫০) চাষাবাদের কাজে মাঠে যাওয়ার পথে অসাবধানতাবশত রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুর থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত কৃষ্ণপদ বৈদ্য ওই গ্রামের মৃত নারায়ণ বৈদ্যের ছেলে।

অন্যদিকে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে বাড়ির পাশে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম জানান, খায়রুন্নেছা বাড়ির পাশের ক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল আলম পাটোয়ারী পৃথক দুটি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন