৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রকাশ: সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’
সচিবালয়ে স্টিয়ারিং কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন সরকারের দায়িত্বশীলগণ।

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং মেধা চর্চার সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে অভূতপূর্ব ক্রীড়া উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রায় ৫০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণে শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা।

ছেলেদের জন্য এই আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশ নেওয়া বাধ্যতামূলক করা হলেও মেয়েদের জন্য এটি ঐচ্ছিক রাখা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, প্রাথমিক সময়সূচি অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে টুর্নামেন্টের আঞ্চলিক খেলাগুলো শুরু হবে এবং আগামী ৩০ অক্টোবরের মধ্যে জাতীয় পর্যায়ের ফাইনাল ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সার্বিক প্রস্তুতি ও রূপরেখা প্রণয়নে উচ্চপর্যায়ের এক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন।

সভা শেষে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম।

ব্রিফিংয়ে উপদেষ্টা মাহদী আমিন বলেন, “দেশের সকল সাধারণ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই জমকালো টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পাবে। দেশজুড়ে যুবসমাজের মধ্যে একটি ইতিবাচক ও উৎসবমুখর পরিবেশ তৈরি করা এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতার বিকাশ ঘটানোই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।”

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থায় সামাজিক ন্যায্যতা ও সমতা ফিরিয়ে আনা এবং শহর ও গ্রামের শিক্ষার মানের যে বৈষম্য রয়েছে, তা খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে কমিয়ে আনতে ক্রীড়া, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে সারা বছর ধরে বিভিন্ন আন্তঃপ্রতিষ্ঠান প্রতিযোগিতার আয়োজন করবে।

আয়োজক কমিটি জানিয়েছে, দেশব্যাপী সাড়া জাগানো এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী ম্যাচ এবং জমকালো ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

মন্তব্য করুন