কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ণ
কক্সবাজারে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বিশেষ প্রতিনিধি: কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের উত্তাল ঢেউ ও প্রবল স্রোতের তোড়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুই পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় হিমছড়ির মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে রোহান (২৩) ও শহীদুল ইসলাম (২৩) রয়েছেন। নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি ঢাকার আজিমপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে নাফিসুল হক নিবিড় (২২)। তাঁদের সঙ্গে থাকা অন্য পর্যটকদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পর্যটকদের একটি দল হিমছড়ির মেরিনা রিসোর্টের পাশে সৈকতে গোসলে নামে। এ সময় সাগরের প্রবল ঢেউ ও টানের মুখে পড়ে কয়েকজন পর্যটক পানিতে ভেসে যান। তাঁদের ভেসে যেতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারে এগিয়ে আসেন।

স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আরও একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় অন্য দুই পর্যটক সাগরের পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈকতকর্মী মাহবুব রহমান জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে মৃত এবং একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিখোঁজ অপর দুই পর্যটককে উদ্ধারে তৎপরতা চলছে।

ঘটনাটি নিশ্চিত করে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল গোসলে নেমে স্রোতের তোড়ে ভেসে যায়। এ পর্যন্ত তিন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং দুজন এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে পুলিশ ও উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালাচ্ছে।

দুর্ঘটনার পর থেকে পুরো সৈকত এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান মেলেনি, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা