ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের বিরূপ আচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গত শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নবাবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সরকারের স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের আগমনের প্রস্তুতি চলছিল। এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে কয়েকজন সাংবাদিক ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, কোনো কারণ ছাড়াই হঠাৎ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সাংবাদিকদের ওপর চড়াও হন এবং হেয়প্রতিপন্ন করে মন্তব্য করেন।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে তাকে উত্তেজিত অবস্থায় বলতে শোনা যায়, “আরেহ সাংবাদিক, পরে করবেন, কত সাংঘাতিক দেখলাম জীবনে।” একজন জ্যেষ্ঠ নেতার এমন মন্তব্যে উপস্থিত গণমাধ্যমকর্মীরা হতবাক ও অপমানিত বোধ করেন।
এ বিষয়ে অভিযুক্ত নেতা ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ঘটনাটি অনিচ্ছাকৃত। মন্ত্রীর আগমন ঘিরে উত্তেজনার বশে তিনি কী বলেছেন তা বুঝতে পারেননি উল্লেখ করে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন।
তবে নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি তারিকুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে এই আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। সাংবাদিকদের হেয় করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
দিনাজপুর-৬ আসনের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার মিলন মুঠোফোনে জানান, সাংবাদিকদের সাথে এমন অসৌজন্যমূলক আচরণ অত্যন্ত দুঃখজনক। দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি নিয়ে দিনাজপুরের সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সাংবাদিকরা ইতোমধ্যেই বিষয়টি মন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিকে অবহিত করেছেন। ব্যক্তির দায় দল কতটুকু নেয় এবং দলীয়ভাবে কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ