প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপি: কিশোরগঞ্জে রাজনৈতিক সৌজন্যের নজির

প্রতিদ্বন্দ্বীর বাড়িতে নবনির্বাচিত এমপি: কিশোরগঞ্জে রাজনৈতিক সৌজন্যের নজির

মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে রাজনৈতিক সৌহার্দ্যের এক প্রশংসনীয় চিত্র দেখা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন তাঁর প্রধান নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল-এর বাসভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠিত এই সফরটি ছিল অত্যন্ত আন্তরিক ও শ্রদ্ধাপূর্ণ। রাজনৈতিক ভিন্নমত থাকলেও গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হিসেবে দুই নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। এ সময় পরাজিত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক অবকাঠামো, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। উভয় নেতা ব্যক্তিগত বা রাজনৈতিক মতপার্থক্য ভুলে এলাকার স্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, “নির্বাচন ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যা শেষ হয়েছে। এখন আমাদের একমাত্র লক্ষ্য জনগণের উন্নয়ন। সকল দলের ও মতের মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই এলাকাকে এগিয়ে নিতে চাই।”

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল বলেন, “গণতন্ত্রে জয়-পরাজয় স্বাভাবিক বিষয়। আমরা জনগণের রায়কে সম্মান জানাই। এলাকার শান্তি ও উন্নয়নে আমাদের পক্ষ থেকে সব সময় ইতিবাচক সহযোগিতা থাকবে।”

স্থানীয় সচেতন মহলের মতে, নির্বাচনের পরপরই দুই শীর্ষ নেতার এমন সৌজন্য সাক্ষাৎ রাজনীতিতে সহনশীলতা ও সম্প্রীতির শক্তিশালী বার্তা দেয়। কিশোরগঞ্জ-২ আসনের এই উদ্যোগ ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এম.আর/সকালবেলা

মন্তব্য করুন