বিডিআর হত্যার বিচার করতে না পারা বিএনপির চরম ব্যর্থতা হবে: জামায়াত আমির

বিডিআর হত্যার বিচার করতে না পারা বিএনপির চরম ব্যর্থতা হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। বিএনপি যদি এই বিচার নিশ্চিত করতে না পারে, তবে এটি তাদের চরম ব্যর্থতা হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় যা ঘটেছিল, তা কেবল একটি বিদ্রোহ ছিল না; বরং এটি ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে পঙ্গু করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি দাবি করেন, তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সরাসরি যোগসূত্র থাকায় প্রকৃত তদন্ত প্রতিবেদন আজও জনসমক্ষে আনা হয়নি। তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের পুনঃতদন্ত এবং নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় আনার দাবি জানান।

আজ পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত এই হত্যাকাণ্ডে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন প্রাণ হারান। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর থেকে এই দিনটিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সকাল ১০টায় বনানী কবরস্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন