তেলের মূল্যবৃদ্ধি জনগণের ওপর জুলুম: জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক: এক মাসের ব্যবধানে পুনরায় জ্বালানি তেলের দাম বাড়ানোকে জনগণের ওপর এক ধরনের ‘জুলুম’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মূল্যবৃদ্ধি করতেই হলে তা দেশের জাতীয় সংসদে আলোচনা করে করা উচিত ছিল। কিন্তু জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখন রাতের আঁধারে তেলের দাম বাড়ানো হয়েছে— যা জনগণের সঙ্গে সরাসরি প্রতারণার শামিল।
মঙ্গলবার (২ জুন) দুপুরে সিলেটের বাদাঘাট এলাকায় নির্যাতনে নিহত শিশু ফাহিমার পরিবারের সদস্যদের সঙ্গে সমবেদনা জানাতে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিলেটের সাম্প্রতিক শিশু হত্যা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে জামায়াতের আমির বলেন, “ফাহিমা হত্যা মামলার বিচার যদি দীর্ঘসূত্রিতার দিকে যায়, তাহলে আমরা ধরে নেবো এই বিচার আর হবে না। রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো ফাহিমা হত্যার বিচারও আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে এবং সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে।” তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুততম সময়ে কঠোর বিচারের আওতায় আনা সরকারের প্রধান দায়িত্ব। সেই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার কোনো যৌক্তিকতা নেই।
সাংবাদিকদের পক্ষ থেকে বর্তমান বিএনপি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এটুকু বলা যায়, মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ ভালো নেই।”