নওগাঁয় ডোবার পানিতে ডুবে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ণ
নওগাঁয় ডোবার পানিতে ডুবে মামা-ভাগনের মর্মান্তিক মৃত্যু
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে পরস্পরের মামা ও ভাগনে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যার ঠিক আগমুহূর্তে উপজেলার দুবলহাটি ইউনিয়নের কানমটকাই মধ্যে পাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—হাড়িয়াগাছী গ্রামের আব্দুল মতিনের ছেলে নূর নবী (৭) এবং প্রতিবেশী যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইব্রাহিম কয়েক দিন আগে কানমটকাই মধ্যে পাড়া গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলের দিকে সে তার সমবয়সী মামা নূর নবীর সঙ্গে বাড়ির পাশের উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিনসহ পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

কোথাও সন্ধান না পেয়ে অবশেষে বাড়ির পাশের একটি নিচু ডোবার দিকে গিয়ে দেখতে পান দুই শিশুর নিথর দেহ পানিতে ভেসে উঠেছে। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একসঙ্গে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ দুটি হস্তান্তরের ও দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন