‘শাওন কি হাসিনার চেয়েও পাওয়ারফুল?’—প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতা আবু হোরায়রার

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
‘শাওন কি হাসিনার চেয়েও পাওয়ারফুল?’—প্রধানমন্ত্রীর সামনেই প্রশ্ন ছাত্রদল নেতা আবু হোরায়রার
মাহমুদ হাসান পিয়াল ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা বলেছেন, “মেহের আফরোজ শাওন কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল নাকি? তিনি জুলাই যোদ্ধাদের অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন?”

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। এ সময় সভামঞ্চে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এক আবেগঘন বক্তব্যে আবু হোরায়রা বলেন, “আমরা মেহের আফরোজ শাওনের একটি সাম্প্রতিক ফেসবুক পোস্টে অত্যন্ত মর্মাহত হয়েছি। তিনি কি শেখ হাসিনার চেয়েও বেশি পাওয়ারফুল নাকি? এখনো তিনি কীভাবে এত পাওয়ার বহন করেন! তিনি আমাদের জুলাই আন্দোলনের বীর যোদ্ধাদের চরম অপমান করেছেন। তিনি এই দুঃসাহস কোথায় পেলেন? আমরা অতি দ্রুত তার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই।” এ সময় তিনি তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অসামান্য অবদানের কথা গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন।

উল্লেখ্য, ইতিহাস গড়া ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী (দ্বিতীয় বার্ষিকী) উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে মহান বিপ্লবে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উচ্চপর্যায়ের এই অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন