ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থীর নাম ঘোষণা এনসিপির
বিশেষ প্রতিবেদক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।
মনোনয়ন ঘোষণার পর ঢাকার দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
সভায় নতুন নেতৃত্ব অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক স্থানীয় নাগরিক সমস্যা চিহ্নিতকরণ এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ জোর দেওয়া হয়। পাশাপাশি পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্ভাব্য সব অপতৎপরতা রুখতে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন দলটির শীর্ষ নেতৃত্ব।
সমন্বয় সভায় এনসিপির ঢাকা দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার এবং ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দুই মহানগরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
এআইএল/সকালবেলা