ভিপি সোহেলকে দেখতে হাসপাতালে এমপি ফজলুর রহমান

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল গুরুতর অসুস্থ

প্রকাশ: রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ
ভিপি সোহেলকে দেখতে হাসপাতালে এমপি ফজলুর রহমান
হাসপাতালে চিকিৎসাধীন জেলা পরিষদ প্রশাসক ভিপি সোহেলকে দেখতে যান সংসদ সদস্য ফজলুর রহমান (ফাইল ছবি)
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল) রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে রোববার (৫ জুলাই) বিকেলে সস্ত্রীক হাসপাতালে যান কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

হাসপাতালে তিনি ভিপি সোহেলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় চিকিৎসকদের সঙ্গেও তিনি কথা বলেন।

জানা গেছে, গত ২ জুলাই শারীরিক জটিলতা দেখা দিলে ভিপি সোহেলকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিউরোসার্জন ডা. রবার্ট আহমেদ খান ও অধ্যাপক ডা. ধীমান চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে তাঁর একটি অস্ত্রোপচারের প্রয়োজন হলেও সে সময় তা সম্ভব হয়নি। সম্প্রতি জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর টানা কর্মব্যস্ততার কারণে পুরোনো শারীরিক সমস্যা জটিল আকার ধারণ করে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর মোট চারটি অস্ত্রোপচার প্রয়োজন হবে। পর্যায়ক্রমে এসব অস্ত্রোপচার সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উল্লেখ্য, খালেদ সাইফুল্লাহ সোহেল খান, যিনি ‘ভিপি সোহেল’ নামে অধিক পরিচিত, ছাত্রজীবন থেকে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সম্প্রতি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছিলেন।

ভিপি সোহেলের দ্রুত সুস্থতা ও সফল চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

মন্তব্য করুন