যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে ফেনীতে আনন্দ মিছিল
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে ফেনীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
আজ সোমবার (৮ জুন) বিকেলে ফেনী সদর উপজেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ফেনী শহরের ট্রাংক রোডস্থ বড় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক, ফেনী প্রেসক্লাব, কেন্দ্রীয় শহীদ মিনার ও ফেনী মডেল থানার সম্মুখভাগ প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দেন।
ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজাম উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের যৌথ নেতৃত্বে এই আনন্দ মিছিলে আরও অংশ নেন— সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মনজুর হোসেন, নূর মোহাম্মদ ভুট্টু, শাহাদাত হোসেন লিটনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
সমাবেশে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আগামী দিনে রাজপথের যেকোনো আন্দোলন-সংগ্রামে ফেনী জেলা যুবদলকে সুসংগঠিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা