ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় চমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দুই হেভিওয়েট নেতাকে মেয়র প্রার্থী করার পরিকল্পনা করছে দলটি। নির্ভরযোগ্য দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে এনসিপির পক্ষ থেকে যথাক্রমে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে মনোনয়ন দেওয়া হতে পারে।
এনসিপির অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র প্রার্থী হিসেবে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মাঠে নামানোর পরিকল্পনা চূড়ান্ত করা হচ্ছে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে প্রার্থী হতে পারেন দলের প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মূলত জুলাই আন্দোলনের ইমেজ ও তরুণ প্রজন্মের সমর্থনকে কাজে লাগিয়ে রাজধানীতে বড় জয়ের লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের শরিক হিসেবে অংশ নিয়েছিল এনসিপি। আসন্ন সিটি নির্বাচনেও এই ধারা বজায় থাকতে পারে। এনসিপি নেতারা আশা করছেন, জামায়াতের সঙ্গে রাজনৈতিক সমন্বয় থাকলে সিটি নির্বাচনে তাঁদের প্রার্থীদের জয়ী হওয়া সহজ হবে। সংসদে বিরোধী দলের প্রধান হুইপ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচন এই দুই দলের মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়িয়ে দিয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যেই ডিএনসিসি, ডিএসসিসি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়েছে। সরকারি কর্মকর্তাদের ইঙ্গিত অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরের পরপরই এই নির্বাচনগুলো আয়োজনের সম্ভাবনা রয়েছে। এনসিপি এখন থেকেই ‘শাপলা কলি’ প্রতীকের প্রচার বাড়াতে কাজ শুরু করেছে।
দলের সদস্য-সচিব আখতার হোসেন সরাসরি সিটি নির্বাচনের প্রার্থী বা স্থায়ী রাজনৈতিক জোটের বিষয়ে মন্তব্য না করলেও তিনি জানান, দেশের প্রয়োজন ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে এনসিপির শীর্ষ নেতারা জানিয়েছিলেন, জামায়াতের সঙ্গে তাঁদের এই ঐক্য কেবল নির্বাচনী সমঝোতা ও সংস্কারের লক্ষ্য অর্জনের জন্য। তবে স্থানীয় নির্বাচনে এই ঐক্য বজায় থাকলে তা এনসিপির জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ