গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সাবেক যুগ্ম মহাসচিব ও মুখপাএ গাজী মাওলানা আতাউর রহমান। অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে এই পদে দায়িত্ব পালন করা সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।
আজ শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত ইসলামী আন্দোলনের মজলিসে শুরার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই অধিবেশনে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই তা বিলুপ্ত করে শীর্ষস্থানীয় বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কে এম শরীয়তুল্লাহ দলের এই বড় রদবদলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের বর্তমান কেন্দ্রীয় কমিটির স্বাভাবিক মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দলীয় মূল্যায়নে কিছু সাংগঠনিক ঘাটতি ধরা পড়ে।
বিশেষ করে এককভাবে নির্বাচন পরিচালনা, প্রার্থী বাছাই প্রক্রিয়ার ত্রুটি এবং তৃণমূল পর্যায়ে কর্মীদের নিষ্ক্রিয়তাসহ বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করা হয়। এ অবস্থায় সামনে আসা স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করতেই মেয়াদের আগেই নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়েছে।
নতুন মহাসচিব গাজী আতাউর রহমান দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সামনে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। আর বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ ২০০৮ সাল থেকে টানা এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদের হাল ধরে রেখেছিলেন। দলীয় সূত্র জানায়, নতুন ও পুরনোর সমন্বয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের চমক দেখাতেই মজলিসে শুরা এই সিদ্ধান্ত নিয়েছে।
এআইএল/সকালবেলা
|