কোনো দেশপ্রেমিক মানুষ আ.লীগ করতে পারে না: আমান আযমী
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল নয় বরং একটি ‘কাল্ট’ বা ধর্ম হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
আজ রোববার (২৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) কনফারেন্স হলে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
‘গণমাধ্যমে ফ্যাসিবাদের দৌরাত্ম্য ও অসহিষ্ণু রাজনৈতিক হালচাল; জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের করণীয়’ শীর্ষক ওই আলোচনায় আমান আযমী দাবি করেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর মধ্যে মিশে গেছে এবং এটি একটি ফ্যাসিস্ট ডিএনএ। তাঁর ভাষ্যমতে, এ প্রবণতা নতুন নয়; ১৯৬৯ সালে শহীদ মালেককে হত্যা এবং ১৯৭০ সালে পল্টন ময়দানে তাঁর বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা ঘটেছিল, যেখানে তাঁকে বাঁচাতে গিয়ে দুজন প্রাণ হারান।
নিজের ও পরিবারের দীর্ঘদিনের ভোগান্তির চিত্র তুলে ধরে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, তাঁর তিন প্রজন্ম ভুক্তভোগী হয়েছেন। তাঁর বাবা ও তিনি নিজে যেমন ভোগান্তির শিকার হয়েছেন, তেমনি তাঁর সন্তানকে বুয়েটের চতুর্থ বর্ষে পড়া অবস্থায় শিক্ষাজীবন ছাড়তে হয়েছে এবং তাঁর মেয়েকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়েছে। যারা এদের পক্ষে অবস্থান নেবেন, মৃত্যু পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কথা বলে যাওয়ার ঘোষণা দেন তিনি।
আওয়ামী লীগের সমর্থক ও ভোটারদের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে আমান আযমী বলেন, তাঁর মতে তিন শ্রেণির মানুষ কখনো আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হতে পারেন না—কোনো ভালো মানুষ এর সমর্থক বা ভোটার হতে পারেন না, কোনো ভালো মুসলমান এর সমর্থক হতে পারেন না এবং কোনো দেশপ্রেমিক মানুষ আওয়ামী লীগ করতে পারেন না।
বক্তব্যে মূলধারার কয়েকটি গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণমাধ্যম মানুষের মনোজগৎ নিয়ন্ত্রণ করে এবং ফ্যাসিবাদের সহযোগী কিছু মাধ্যম আবার নতুন রূপে ফিরে আসার চেষ্টা করছে। বড় রাজনৈতিক দলের নেতারা এসব গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নিয়ে হাসিমুখে কথা বলায় ক্ষোভ প্রকাশ করে তিনি দেশ ও সংস্কৃতি রক্ষায় ফ্যাসিবাদী গণমাধ্যমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থানের ঐক্য অটুট রাখার ওপর জোর দিয়ে আমান আযমী বলেন, ১৯৯১ সালে তাঁর বাবার সঙ্গে বৈঠক ও সমর্থনের মাধ্যমে এবং ২০০১ সালে জোটবদ্ধ হয়ে সরকার গঠিত হয়েছিল। ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত যাঁরা একসঙ্গে ছিলেন, গত আট-নয় মাসে কেন তাঁদের দূরে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে দোষারোপ না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিস্থিতি সামাল দিতে হবে।
এআইএল/সকালবেলা