৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় জামায়াত আমির গ্রেপ্তার
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে 'আল আকাবা বহুমুখী সমবায় সমিতি'র গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার পলাতক আসামি এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোঃ আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (৫ আগস্ট) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ জামালপুর সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিব আহমেদ। এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ৪ মে মাদারগঞ্জ উপজেলায় আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের সঙ্গে প্রতারণার মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আবদুল ওয়াহেদের বিরুদ্ধে মাদারগঞ্জ থানায় একটি মামলা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আবদুল ওয়াহেদকে আইনি প্রক্রিয়া শেষে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এআইএল/সকালবেলা