দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা: ডাকসু সদস্য সর্বমিত্র
অনলাইন ডেস্ক: শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব থেকে আকস্মিক পদত্যাগের ঘটনাকে ‘বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা’ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার (১ জুন) ঈদুল আজহার ছুটি শেষে সকালে মন্ত্রী পদত্যাগপত্র জমা দেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সর্বমিত্র চাকমা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়, সেখানে দীপেন দেওয়ানের পদত্যাগের এই সিদ্ধান্ত অত্যন্ত ব্যতিক্রমী। সাবেক এই মন্ত্রীকে অত্যন্ত ভদ্র, মার্জিত, স্বল্পভাষী এবং একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে ডাকসু সদস্য বলেন, রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির সংস্কৃতি থাকলেও দীপেন দেওয়ান কখনো বিরোধী পক্ষকে কটু কথা বা আক্রমণাত্মক ভাষায় আঘাত করেননি। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি বেশ সক্রিয় ভূমিকা পালন করছিলেন।
ফেসবুক পোস্টের শেষাংশে সর্বমিত্র চাকমা উল্লেখ করেন, এই সিদ্ধান্তের পেছনে কোনো অভ্যন্তরীণ কারণ থাকতে পারে কি না তা তাঁর জানা নেই। তবে দেশ ও পার্বত্য অঞ্চলের মানুষের মঙ্গলের জন্য দীপেন দেওয়ানের এই পদে থাকা প্রয়োজন ছিল এবং প্রধানমন্ত্রী পুনর্বিবেচনা করতে বললে তিনি নিশ্চয়ই ফিরিয়ে দেবেন না।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী হন এবং গত ১৭ ফেব্রুয়ারি সরকারের মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন।