মৌলভীবাজারে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
মৌলভীবাজারে ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছে। তবে মিছিল চলাকালেই ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী শহরের শমসেরনগর সড়কে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি শহরের আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা শেখ হাসিনার আগমন ও 'জয় বাংলা' স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এদিকে, সকালে হওয়া ওই নিষিদ্ধ সংগঠনের মিছিলের একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন