টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও ভাঙচুর
হেলাল মুন্সী (বিশেষ প্রতিনিধি, দৈনিক সকালবেলা): গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ডাকা সড়ক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সংসদ সদস্য এস এম জিলানীর একটি ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক অবরোধ করা হয়। এতে পুরো এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে বিভিন্ন স্থানে ভাঙচুরের পাশাপাশি সংসদ সদস্য এস এম জিলানীর একটি ব্যানার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। তা সত্ত্বেও নিষেধাজ্ঞার মধ্যেই নেতাকর্মীদের এমন বড় পরিসরে কর্মসূচি পালনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বড় পদক্ষেপের কথা জানা যায়নি। এছাড়া ভাঙচুরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত বা আটক হয়েছেন কি না, তাও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
এআইএল/সকালবেলা