মহম্মদপুরে অপপ্রচার ও চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির মিছিল
বিশেষ প্রতিনিধি, মহম্মদপুর (মাগুরা): মহম্মদপুরে প্রশাসনকে নিরবচ্ছিন্নভাবে কাজ করার সুযোগ দেওয়া, সরকারি দপ্তরে রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ এবং অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপির একাংশ।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী গ্রুপের বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ তুলে গত ৯ আগস্ট প্রতিবাদ মিছিল করে সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল অনুসারী বিএনপির একাংশ। তারই জবাবে আজ হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পাল্টা প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. খান রোকনুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মতিউর রহমান, ড. এম এম রইচ উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. আহসান হাবিব খান সোহেল, যুবদলের আহ্বায়ক মো. তরিকুল ইসলাম তারামিয়া এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আরিফুজ্জামান মিল্টনসহ শীর্ষ নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৯০০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় ৮৩ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করা হয়েছে। নিজেদের স্বার্থসিদ্ধি না হওয়ায় কিছু লোক উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশাসনিক কাজে বাধা সৃষ্টি করছে।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজ ও ষড়যন্ত্রকারীদের কোনো স্থান মহম্মদপুরে হবে না। অপপ্রচার ও চক্রান্তের মাধ্যমে এলাকার শান্তি ও উন্নয়নের পরিবেশ বিনষ্টের চেষ্টা করা হলে রাজপথেই তার কঠোর জবাব দেওয়া হবে।
এআইএল/সকালবেলা
|