হেলাল মুন্সী, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া ইউনিয়নের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন মোল্লা বিএনপিতে যোগদান করেছেন।
আজ বুধবার নিজড়া ইউনিয়নে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর-এর উপস্থিতিতে তিনি প্রায় শতাধিক কর্মী-সমর্থক নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছানোয়ার হোসেন মোল্লা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সৌদি আরবের দাম্মাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বেও ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি নিজড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবেও পরিচিত ছিলেন।
আওয়ামী লীগের দীর্ঘদিনের একজন নেতা হঠাৎ করে বিএনপিতে যোগ দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে মতভেদ দেখা দিয়েছে। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তবে বিএনপির স্থানীয় নেতারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের মতে, ছানোয়ার হোসেন মোল্লার যোগদানে তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে।
এ বিষয়ে ছানোয়ার হোসেন মোল্লা বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশার কথা বিবেচনা করেই আমি বিএনপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। আমি জনগণের পাশে থেকে কাজ করতে চাই।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোপালগঞ্জের মতো ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগ-প্রভাবিত এলাকায় এই দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
এআইএল/সকালবেলা