ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. ফরহাদ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. কামরুজ্জামান রতন বলেছেন, “দীর্ঘ ১৭ বছর যে আদর্শের জন্য আপনারা লড়াই করেছেন, সেই আবেগের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। মুন্সীগঞ্জের উন্নয়নের ধারাকে বেগবান করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংকের সামনে শহর বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কামরুজ্জামান রতন তাঁর বক্তব্যে মুন্সীগঞ্জকে একটি আধুনিক ও আলোকিত জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে তরুণ প্রজন্মের জন্য খেলার মাঠের উন্নয়ন এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশে কাজ করব।” বিশেষ করে আলু চাষীদের জন্য তিনি আশ্বাস দিয়ে বলেন, মুন্সীগঞ্জের প্রধান অর্থকরী ফসল আলু যেন কৃষকরা সঠিক দামে বিক্রি করতে পারেন, সেজন্য আন্তর্জাতিক বাজারে আলু রপ্তানির স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ভোটাররা যাতে কোনো প্রকার ভয়ভীতি বা হুমকির তোয়াক্কা না করে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, প্রশাসনকে সেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।
শহর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র এ কে এম ইরাদত মানুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেত্রী হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। এছাড়া সমাবেশে জেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিকেলে জনসভা শুরু হওয়ার আগেই গজারিয়া ও মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক সভাস্থলে জড়ো হন। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর, যা এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ