ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনা-৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “২৪-এর গণ-অভ্যুত্থানকে আমি শ্রদ্ধা করি। এই গণ-অভ্যুত্থান না হলে আমি আজ আপনাদের মাঝে আসতে পারতাম না, আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হতো। তাই ’২৪-কে ভুলতে চাই না। তেমনি ’৭১-কেও আমরা অস্বীকার করতে পারি না, ’৭১ না হলে আমরা এই স্বাধীন দেশ এবং লাল-সবুজের পতাকা পেতাম না।”
রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের শহীদ আলী উছমান শিশুপার্কে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় জামায়াত-শিবিরকে উদ্দেশ্য করে লুৎফুজ্জামান বাবর আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি বলেন, “আপনারা রগ কাটা ছাড়া কী চিনেন? মানুষ খুন করতে পারেন। কত মানুষ খুন করেছেন বলতে পারেন? আমি সে বিষয়ে কখনো কিছু বলিনি, কিন্তু এখন আপনারা আমাকে দিয়ে বলাচ্ছেন। বেশি কথা বলাবেন না, নইলে সব বলে দেব। আমি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন খুব কাছ থেকে দেখেছি আপনারা কী করতে পারেন।”
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাবর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে এবং দেশে-বিদেশে তাদের কর্মসংস্থানের সুব্যবস্থা করা হবে।
মোহনগঞ্জ উপজেলা বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল। সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাসেমী, জেলা মহিলা দলের সভাপতি রুখসানা কানিজ চৌধুরী পলমলসহ বিএনপি ও শরিক দলের শীর্ষস্থানীয় নেতারা।
বিকেলে জনসভা শুরু হওয়ার আগেই মোহনগঞ্জ ও আশপাশের এলাকা থেকে মিছিলে মিছিলে নেতাকর্মীরা শিশুপার্কে সমবেত হন। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ