ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে এক বিশাল নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদ বলেছেন, “যারা নিজেরা চাঁদাবাজি করে আবার বলে চাঁদাবাজমুক্ত দেশ গড়বো, তারা আসলে ধোঁকাবাজ।”
শুক্রবার বিকেলে উপজেলার ছাতিনালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান সাঈদ বলেন, দেশ এখনো বড় ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। যারা গণ-অভ্যুত্থানে জীবন দিয়েছে, লড়াই করেছে, তাদের ওপর এখনো হামলা-গুলি চালানো হচ্ছে। এই ষড়যন্ত্র রুখতে হলে দেশপ্রেমিকদের নির্বাচিত করতে হবে। তিনি আরও বলেন, যারা সুদ ও ঘুষ খায় না, তাদের মধ্যেই প্রকৃত দেশপ্রেম আছে। আর সেই দেশপ্রেমিকদের নিয়েই ১১-দলীয় জোট আজ ঐক্যবদ্ধ।
সরেজমিনে দেখা যায়, দুপুরের পর থেকেই জনসভাস্থলে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় তৈরি হয়। প্রধান অতিথি সভাস্থলে পৌঁছালে জনতা ‘নারায়ে তাকবীর’ ও ‘দাঁড়িপাল্লা’ মার্কার স্লোগানে চারপাশ মুখরিত করে তোলে। ভোটারদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জয়পুরহাটের নির্বাচনী মাঠে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
আওলাই ইউনিয়ন আমীর নুর হোসেন আকন্দ বাবুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা আমীর ডাঃ সুজাইল করিম, নায়েবে আমীর আজিজুল হক ঠান্ডা, সেক্রেটারি মোঃ মুক্তার হোসেনসহ ১১-দলীয় জোটের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা আগামী ১২ তারিখের নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে একটি ইনসাফপূর্ণ ও দেশপ্রেমিক সরকার গঠনের আহ্বান জানান।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ