আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই: মির্জা ফখরুল

আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের সায় নেই: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো পুনরায় খোলার বিষয়ে সরকারের কোনো সায় বা অনুমতি নেই বলে স্পষ্ট জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “সারাদেশে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়ে সরকারের কোনো সায় নেই। যেহেতু আইনগতভাবে তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ, তাই আমরা এটি চাইনি এবং সমর্থন করি না। আশা করি, সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো দ্রুত এই বিষয়টি খতিয়ে দেখবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন অব্যাহত রয়েছে। তাঁর নেতৃত্বে দেশের মানুষ একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমরা বিশ্বাস করি, দল এবং সরকার তাঁর সুদূরপ্রসারী নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে।” এ সময় তিনি আবেগপ্লুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সাংবাদিকদের সাহসিকতার প্রশংসা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “বিগত বছরগুলোতে গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।” স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি জানান, মন্ত্রণালয়ের কিছু দাপ্তরিক প্রথা ও আইনি প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন করেই অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে এবং এবার নির্বাচনে দলের ত্যাগী ও যোগ্য নারী নেত্রীদের মনোনয়নের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন