বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের সমর্থনে ছাত্রদলের প্রচারণা

বগুড়া-১ আসনে কাজী রফিকুল ইসলামের সমর্থনে ছাত্রদলের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, সারিয়াকান্দি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডসহ বিভিন্ন বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়ার উদ্যোগে আয়োজিত এ গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন কর্ণিবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ডা. মোহাম্মাদ আলী। গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভালোবাসা প্রমাণ করে এই জনপদের মানুষ পরিবর্তন চায়। ধানের শীষই মানুষের আশা-ভরসার শেষ ঠিকানা। গণতন্ত্রের মুক্ত বাতাস ফিরিয়ে আনতে কাজী রফিকুল ইসলামের বিকল্প নেই।”

প্রচারণাকালে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন মিয়া যমুনা পাড়ের মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সারিয়াকান্দির কাঙ্ক্ষিত উন্নয়ন এবং যমুনা নদী শাসনের মাধ্যমে চরাঞ্চলের মানুষের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ধানের শীষের বিজয়ের মাধ্যমেই সাধারণ মানুষের ভোটাধিকার এবং প্রকৃত উন্নয়ন ফিরে আসবে।” তিনি আরও যোগ করেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ।”

গণসংযোগে কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন, যুবদল নেতা সাইদ শেখ, শাহআলম তালুকদার, কাজী মারুফ, রিপন, দুলাল মোল্লা এবং উজ্জ্বল মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাজারের দোকানদার ও সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন